মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের অজান্তে তাদের গ্যালারিতে থাকা ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারের সুযোগ নেওয়ার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা করেছে ইতালি। দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের দাবি, ব্যবহারকারীদের যথাযথভাবে না জানিয়ে এবং তাদের কাছ থেকে স্পষ্ট অনুমতি না নিয়েই এ কাজ করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেসবুকের একটি বিশেষ ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে সংরক্ষিত ছবি ও ভিডিওতে প্রবেশাধিকার পেয়েছিল মেটা। এ বিষয়ে ব্যবহারকারীদের কাছে পরিষ্কার কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। বিতর্কিত ফিচারটির কার্যক্রম বন্ধ করতে প্রতিষ্ঠানটিকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ।
নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ অনুযায়ী, ফিচারটি যেন স্বয়ংক্রিয়ভাবে চালু না থাকে, সে ব্যবস্থা করতে হবে মেটাকে। পাশাপাশি ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিও ব্যবহারের আগে প্রত্যেক ব্যবহারকারীর কাছ থেকে পৃথকভাবে সম্মতি নিতে হবে।
মূলত ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে ফেসবুকে নতুন পোস্ট তৈরির ধারণা দেওয়ার জন্য ফিচারটি চালু করা হয়েছিল। এ সুবিধা ব্যবহারের সময় অ্যাপটি একবারই ফোনের গ্যালারিতে প্রবেশের অনুমতি চাইত। কিন্তু অনুমতি চাওয়ার নোটিশে ছবিগুলো বিশ্লেষণ করে পোস্টের পরামর্শ তৈরির বিষয়টি স্পষ্ট করা হয়নি বলে অভিযোগ করেছে ইতালির কর্তৃপক্ষ।
জরিমানার অঙ্ক নির্ধারণে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এবং ফিচারটির কার্যক্রম এখনো পুরোপুরি বন্ধ না হওয়ার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যবহারকারী এখনো ফেসবুক অ্যাপ আপডেট করেননি, তাদের ফোনে ফিচারটি কার্যকর থাকতে পারে। এমনকি আগে থেকেই সম্মতি দেওয়া ব্যবহারকারীদের ক্ষেত্রেও এটি চালু রয়েছে।
