আল জাজিরা লিখেছে, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার করা এই মামলার রায়কে ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে ২০১৯ সালে মামলাটি দায়ের করার সাত বছর পর এই রায় আসছে।
আর মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মুখে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গার বাংলাদেশে পালিয়ে আসার ঘটনার পর পেরিয়ে গেছে নয় বছরের বেশি সময়।
আইসিজের এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই।
গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের কী দায় তৈরি হবে, আর রায় কার্যকরের ক্ষেত্রে আদালতের ক্ষমতাই বা কতটুকু? বিষয়গুলো বিশ্লেষণ করেছে আল জাজিরা।
রোহিঙ্গারা মূলত মুসলিম জনগোষ্ঠীর একটি জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে কয়েক শতাব্দী ধরে তাদের বসবাস।
জেনারেল নে উইনের সামরিক শাসন (১৯৬২-১৯৮৮) থেকে শুরু করে অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক প্রশাসন (২০১৬-২০২১)—মিয়ানমারের পরপর বিভিন্ন সরকার রোহিঙ্গাদের ‘বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী’ হিসেবে বিবেচনা করেছে।
১৯৮২ সালের নাগরিকত্ব আইনেও অধিকাংশ রোহিঙ্গাকে নাগরিকত্বের বাইরে রাখা হয়। ফলে তারা রাষ্ট্রহীন জনগোষ্ঠীতে পরিণত হয়।
রোহিঙ্গারা বিভিন্ন সময়ে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার হলেও ২০১৭ সালের অগাস্টে পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে।
ওই সময় বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশের কয়েকটি তল্লাশিচৌকিতে হামলা চালায়। এর জবাবে মিয়ানমারের সেনাবাহিনী উত্তর রাখাইনে তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান শুরু করে।
অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা গণহত্যা, ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়ার বর্ণনা দেন। কয়েক মাসের মধ্যে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন।

মামলা দায়েরের সময় মিয়ানমারে ক্ষমতায় ছিল অং সান সু চির নেতৃত্বাধীন বেসামরিক সরকার। তবে দেশটির নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণ ছিল সেনাবাহিনীর হাতে। ২০১৭ সালের অভিযানের সময় সেনাপ্রধান ছিলেন সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং।
২০২১ সালে তিনি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তার নেতৃত্বাধীন সামরিক সরকারই পরে আইসিজেতে মিয়ানমারের পক্ষে মামলাটি মোকাবিলা করে।
মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলছে, সশস্ত্র হামলার জবাব দিতেই সেনাবাহিনী অভিযান চালিয়েছিল।
ফৌজদারি বিচারের মত আইসিজে কোনো ব্যক্তির অপরাধের বিচার করে না। এই আদালত নির্ধারণ করবে, রাষ্ট্র হিসেবে মিয়ানমার গণহত্যার জন্য দায়ী কি না এবং দায়ী হলে ক্ষতিপূরণ বা প্রতিকার হিসেবে দেশটিকে কী করতে হবে।
বর্তমানে মিয়ানমারে প্রায় পাঁচ লাখ ২০ হাজার রোহিঙ্গা রয়ে গেছে। তাদের অনেকেই কঠোর বিধিনিষেধের মধ্যে বসবাস করছেন। অন্যদিকে বাংলাদেশে শরণার্থী হিসেবে রয়েছেন প্রায় ১২ লাখ রোহিঙ্গা।

