পুঁজিবাজারে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য গঠিত এসএমই বোর্ডের কোম্পানিগুলোতে বিনিয়োগ বাড়াতে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ বাজারে শেয়ার কেনাবেচার জন্য বিনিয়োগকারীদের ন্যূনতম বিনিয়োগের সীমা এক-তৃতীয়াংশে নামিয়ে আনা হয়েছে। আগে এ প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে বিনিয়োগকারীদের ন্যূনতম ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হতো। এখন তা ১০ লাখে নামিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান মাসুদ খান।

নতুন এ সিদ্ধান্তের ফলে তুলনামূলক কম মূলধনের বিনিয়োগকারীদের এসএমই বোর্ডে লেনদেনের সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সিদ্ধান্ত কার্যকরের জন্য কমিশনের আগের আদেশ ও নির্দেশনা সংশোধন করা হবে। সংশোধিত আদেশ বা নির্দেশনা জারির তারিখ থেকে নতুন বিনিয়োগসীমা কার্যকর হবে।


ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম

মঙ্গলবারের কমিশন সভায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করে দিয়েছে বিএসইসি।
সভায় সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে ‘এ’ ক্যাটাগরিতে থাকা সব তালিকাভুক্ত কোম্পানি ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম আয়োজন করতে পারবে। 
পাশাপাশি কোনো কোম্পানি সংশ্লিষ্ট বছরে ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করলেও এ সুযোগ পাবে।

অর্থাৎ কোম্পানির জন্য ‘এ’ ক্যাটাগরিতে থাকা অথবা ন্যূনতম ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা–এই দুটি শর্তের যেকোনো একটি পূরণ করলেই ডিজিটাল মাধ্যমে এজিএম আয়োজনের সুযোগ থাকছে।