ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টায় একটি ডানপন্থি বিরোধীদলের সঙ্গে জোট গড়ার চুক্তির ঘোষণা দিয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি।
মঙ্গলবার ইয়াশার পার্টি জানিয়েছে, ‘ইসরায়েল বেইতেনু’দলের নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে বৈঠকের পর তারা দলটির সঙ্গে জোট গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, অক্টোবরের নির্বাচনের পর এটিই এ ধরনের প্রথম জোট।

নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে কোনো দল বা জোটই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার ছাড়াই ১০ নভেম্বর ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্ট শপথ গ্রহণ করে।
২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
২৮ দিনের সময়সীমার আওতায় সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, তবে তিনি চাইলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। আইজেনকোট ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। আর কেউই সরকার গঠন করতে না পারলে আগামী বছর ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।