পুলিশ তাদের মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বাঁধে। পরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ কয়েকটি কারখানার সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন বলে জানিয়েছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৮টার দিতে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড়, ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি শ্রমিকরা সড়ক-মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়ামাত্রই শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া শুরু করে।
এ সময় মহাসড়ক থেকে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
একই সময়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের কাঞ্জানুল এলাকার কোয়াট্রো ফ্যাশন, লায়লা গার্মেন্টস এবং রাগাডি ফ্যাশনসহ রাজেন্দ্রপুরের বাংলাবাজার ও আশেপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরাও কাজে যোগ না দিয়ে বাংলাবাজার- ভাওয়াল মির্জাপুর, মাস্টারবাড়ি- ভাওয়াল মির্জাপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।

ভাওয়াল মির্জাপুর কলেজের প্রভাষক কৃত্তি বাবু বলেন, তিনি উত্তরা থেকে তার কর্মস্থলে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শ্রমিক বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েন। পরে বিকল্প পথে চলতে গিয়েও যানজটের মধ্যে পড়েছেন। কখন কলেজে পৌছাতে পারবেন বলতে পারছেন না তিনি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সাড়ে ৮টার দিকে ভোগড়াবাইপাস-নাওজোড়, সাইনবোর্ড, সালনা এলাকায় শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিতে শুরু করে।
“আমাদের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ও মহাসড়কে যানচল স্বাভাবিক রাখতে কাজ করছে। এরজন্য কোথাও কোথাও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়তে হচ্ছে।”

