কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকে উত্তেজনা থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী স্বাভাবিক নিয়মেই চলছে। তবে গণপরিবহন স্বাভাবিকের চেয়ে কম, আর স্কুল-কলেজ খোলা থাকায় ঘুম থেকে উঠে বিপাকে পড়েছেন অনেকেই।
চলতি সপ্তাহের আগের দিনগুলোতে ঘটে যাওয়া নাশকতা এবং বুধবার রাতের জ্বালাও-পোড়াওয়ের ঘটনা মিলিয়ে বৃহস্পতিবার নিয়ে বেশ উৎকণ্ঠা তৈরি হয়। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকলেও সকাল থেকেই ঢাকায় ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ার সঙ্গে কোথাও দু-এক ফোঁটা বৃষ্টিও হয়েছে। হেমন্তের চতুর্থ দিনে শীত নামলো বলে এবার।
সকালে ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইট, বিজয়সরণি, মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, গণপরিবহন বিশেষ করে বাস তুলনামূলক কম। বিভিন্ন দপ্তরের কর্মী বহনকারী বাস চলতে দেখা গেলেও সাধারণ বাসগুলো প্রায় নেই বললেই চলে।
তবে মেট্রো চলছে স্বাভাবিক নিয়মে। মেট্রো স্টেশনগুলোর নিচে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকার মানিক মিয়া অ্যাভেনিউ, ফার্মগেইটসহ বিভিন্ন জায়গায় পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
আগের দিন থেকেই বাস মালিকদের ডেকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে পুলিশ।
মিরপুরের এক বাস মালিক নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, “আমাদেরকে বুধবারই পুলিশের তরফ থেকে বলা হয়েছে সন্ধ্যা ৬টার পর যেন বাস না চালাই। আমাদের গাড়িগুলো রাতে যেখানে রাখা ছিল, সেখানে রাতভর আমাদের লোকেরা পাহারা দিয়েছে।”
একই কারণে বৃহস্পতিবার সকালে বাস নামানো হয়নি জানিয়ে এই বাস মালিক বলেন, “আমাদের গাড়িগুলার উপরে ওদের সব টার্গেট। আমরা কী অপরাধ করছি ভাই?
“এসব কারণে সকালে গাড়ি নামাইনি। তবে পরিস্থিতি ভালো হলে ১০-১১টার দিকেই নামিয়ে দেবে সবাই, এমন আশায় আছি।”
এদিকে বাস না চললেও ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবই খোলা। অনেক স্কুলে চলছে বার্ষিক পরীক্ষা। এমন অবস্থায় স্কুলে না গেলেও না।
বৃহস্পতিবার সকালেই দুই কন্যাকে নিয়ে মালিবাগ থেকে ধানমন্ডি আসেন মোহাম্মদ আলম।
ধানমন্ডি ২৭ এলাকায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শ্রেণিতে পড়েন এ অভিভাবকের দুই কন্যা।
মোহাম্মদ আলম বললেন, “বাচ্চাদের স্কুলে নিয়ে আসলাম সকালে। বাসে ও লেগুনা দিয়ে এসেছি, রাস্তায় গণপরিবহন তুলনামূলক কম মনে হলো। আসার পথে কোথাও ঝামেলা চোখে পড়েনি।”
এ স্কুলের শিক্ষার্থীদের কেউ কেউ ক্লাসে আসেনি।
নর্দ্দা, কালাচাঁদপুর, গুলশান-২ এলাকায় সকাল সাড়ে ৮টা থেকেই রাস্তায় কর্মজীবী মানুষের আনাগোনা দেখা গেছে। অন্য দিনের মতোই মুদি দোকানগুলো ঠিক সময়েই খুলতে শুরু করে। স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাও নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে শুরু করেছে। স্কুলের বাইরে সন্তানদের অপেক্ষায় দেখা যায় অনেক অভিভাবককেও।
নর্দার গোল্ডেন পয়েন্ট শিশু নিকেতন অ্যান্ড হাই স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে তুষার।
ছেলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রোজিনা খাতুন বলেন, “কাছেই বাসা, তাই বাসে উঠতে হয় না; রিকশাতেই আসি। স্কুলটা ভেতরে হওয়ায় আসা-যাওয়ায় তেমন সমস্যা হয় না।
“রাস্তাঘাট তো স্বাভাবিকই মনে হচ্ছে; অন্যান্য দিন যেমনটা দেখি, তেমনটাই। ওর বাবাও সকাল সকাল কাজে চলে গেছেন; উনার অফিস তো কিছুটা দূরে, তাই একটু আগেই বের হন।”
সকাল থেকেই ঢাকার রাস্তাগুলোতে অটোরিকশা, লেগুনার মতো বাহনের দাপট ছিল বেশি। পুলিশও অটোরিকশাগুলোকে প্রধান সড়কে উঠতে আটকাচ্ছে না।
ঢাকার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল এলাকায় নৈশ কোচগুলো নিয়মমতোই ঢাকায় ঢুকেছে।
তবে দিবাকালীন ট্রিপগুলোতে যাত্রী কম জানিয়ে গাবতলীর শ্যামলী পরিবহনের কাউন্টারের মাস্টার মো. ইকবাল বলছেন, “আজকে দিনের যাত্রী কম। এই কারণে হয়তো ট্রিপ কম হবে। তাছাড়া বৃহস্পতিবার এমনিতেই সকালে যাত্রী কম হয়, আর সন্ধ্যায় প্রচুর ভিড় হয়।”
মহাখালী বাস টার্মিনালকেন্দ্রিক ময়মনসিংহের সৌখিন পরিবহনের এক বাস মালিক বলছেন, “গাজীপুর এলাকায় শ্রমিকদের বিক্ষোভের কারণে বুধবার আমাদের গাড়িগুলো আসতেই পারেনি।
ঢাকায় হেমন্তের শীতলতা, গণপরিবহন কম

