কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পাওয়ার পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে মাসুমা রহমান নাবিলা অভিনীত চলচ্চিত্র ‘বনলতা সেন’। 
মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত হয়েছে ছবিটি। কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত এই ছবিটি প্রথমে কেরালা এবং এরপর কলকাতার দর্শকদের সামনে প্রদর্শিত হবে।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর ‘বনলতা সেন’ মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে রয়েছেন খায়রুল বাসার এবং মহীন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল।
এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ। কলকাতার আগে আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সেখানে মূল প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত ১০টি দেশের ১৪টি চলচ্চিত্রের একটি ‘বনলতা সেন’।

এর পরপরই ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড)’ বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে। কলকাতায় ছবিটির প্রদর্শনী নিয়ে নির্মাতা উজ্জ্বল বলেন, জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।’

উল্লেখ্য, এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন : ইনোভেশন ইন মুভিং ইমেজেস’-এ নির্বাচিত হয়েছে বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।