‘দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে’ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে মডেল মডেল মেঘনা আলমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে পৌঁছান মেঘনা। বেলা সোয়া ১১ টার দিকে সেখান থেকে বেরিয়ে যান।
তাকে জিজ্ঞাসাবাদের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তবে কী বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেননি তিনি।

জিজ্ঞাসাবাদের সঙ্গে সংশ্লিষ্ট দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, মেঘনা আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের একটি অভিযোগের ভিত্তিতে  অনুসন্ধান শুরু করে দুদক। সেই অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে তাকে তলব করা হয়।
ওই কর্মকর্তা বলেন, ''জিজ্ঞাসাবাদে মেঘনার সম্পদ অর্জনের বিষয়ে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে। তিনি দুদকের সব প্রশ্নের উত্তর দিয়েছেন এবং অনুসন্ধানে সহযোগিতা করেছেন।''
গত ৪ নভেম্বর দুদকের উপপরিচালক সুমিত্রা সেনের সই করা এক নোটিশে মেঘনাকে ১৮ নভেম্বর সকাল ১০টায় হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল।

নোটিশে বলা হয়, “কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড ও সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির এবং মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।”
এসব অভিযোগ অনুসন্ধানে দুই সদস্যের একটি দল গঠন করেছে দুদক। দলের নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক সুমিত্রা সেন। অভিযোগের বিষয়ে মেঘনার বক্তব্য নিতে তাকে তলব করা হয়।
এর আগে ২০২৫ সালের এপ্রিলে বিদেশি এক কূটনীতিককে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে আলোচনায় আসেন মেঘনা আলম। ওই বছরের ৯ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
পরে ১৫ এপ্রিল রাজধানীর ধানমণ্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেঘনা ও দেওয়ান সামিরকে আসামি করা হয়।
ওই মামলায় অভিযোগ করা হয়, মেঘনা ও সামিরসহ কয়েকজন বিদেশি এক কূটনীতিকের কাছে ৫০ লাখ ডলার দাবি করেছিলেন।
মামলাটিতে ১৭ এপ্রিল মেঘনাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৮ এপ্রিল তিনি জামিন পান। পরদিন কারাগার থেকে মুক্তি পান।